প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রযুক্তি সহযোগিতা দেবে বুয়েট

কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কাল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিগত সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুত করা হয়েছে বিশেষ একটি সফটওয়্যার। আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত দেশের ৬১ জেলায় নিয়োগ পরীক্ষা এই সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে। এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সব জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি পরিচালনায় আইসিটি, বুয়েটের প্রস্তুতকৃত সফটওয়্যার ব্যবহার করা হবে। এ সফটওয়্যার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে আরো জানানো হয়, আগামীকাল ২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ঢাকার পলাশীতে অবস্থিত আইসিটি, বুয়েট (সিপিএ ভবন ৬) এ এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

চিঠিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য গতকাল শনিবার দুপুর ২টার মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একই সাথে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ খাতের বরাদ্দ অর্থ থেকে বিধি মোতাবেক টিএ/ডিএ দেয়া হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। এ বিষয়ে অধিদফতরের পলিসি এবং অপারেশন শাখার পরিচালক এ কে মোহম্মদ সামছুল আহসান বলেন, জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তারা এই প্রশিক্ষণ পাবেন। তাদের মধ্যে আগ্রহীদের তথ্য আহ্বান করা হয়েছে।