জিতেও খুশি নন টমাস টুখেল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে দলটির কোচ টমাস টুখেল দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। জুড বেলিংহামের জোড়া গোলে জিতলেও ম্যাচ শেষে তেমন উদযাপন করতে দেখা যায়নি টুখেলকে। তিনি অকপটে স্বীকার করেন, জয় পেলেও তাদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না এবং তারা আজ (গতকাল) বেশ ‘ভাগ্যবান’ ছিলেন।

টুখেল স্পষ্ট জানান, তাদের খেলা খুব ঢিলেঢালা ছিল এবং অনেক ট্যাকনিক্যাল ভুল ছিল। দল যথেষ্ট দ্রুত ও ধারাবাহিক ফুটবল খেলতে পারেনি। দলের মানসিকতা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও, খেলার মান নিয়ে তিনি অসন্তুষ্ট। তার মতে, জিততে হলে তাদের আরো অনেক ভালো খেলতে হবে। তবে জোড়া গোল করে ম্যাচ জেতানোয় বেলিংহামের পারফরম্যান্সকে তিনি ‘বিশ্বমানের’ বলে আখ্যায়িত করেন। তবে প্রতিকূল পরিস্থিতি জয় করে সেমিফাইনালে ওঠার জন্য তিনি পুরো দলের স্পিরিট ও চেষ্টার প্রশংসা করেন।

ফাইনালে উঠার লড়াইয়ে তাদের ইংল্যান্ডের সামনে এখন বড় বাধা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালের লড়াইয়ে লিওনেল মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী হওয়া উচিত কিনা, এই প্রসঙ্গে টুখেল বলেন, ‘হ্যাঁ, না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমরা যা দেখেছি, তার ভিত্তিতে আমার মনে হয় না যে একটি দলকে অন্যটির চেয়ে বেশি এগিয়ে রাখা যায়।’

তিনি যোগ করেন, আমার মনে হয়, আমরা কতটা ভালো এবং আমরা কতটা ভালো খেলতে পারি, বল পায়ে আমরা কতটা ভালো হতে পারি এবং খেলা নিয়ন্ত্রণে আমরা কতটা দক্ষ হতে পারি- এই বিষয়গুলো নিয়ে ম্যাচের আগ পর্যন্ত জোর দেবে।’

সন্তোষজনক পারফরম্যান্স ছাড়াই ম্যাচ জেতায় ভাগ্যকে কৃতিত্ব দিয়েছেন টুখেল, ‘মাঠে খেলোয়াড়দের নিবেদনে কোনো কমতি নেই। কিন্তু আমরা যেভাবে খেলেছি, তাতে নিজেদের জন্য পরিস্থিতি কেবল কঠিনই করেছি। আমরা নিরাপদ ফুটবল খেলার চেষ্টা করেছি, যথেষ্ট আক্রমণাত্মক মনোভাব দেখাইনি। আমরা আজ ভাগ্যবান ছিলাম’।