সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহরাব হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চাল আত্মসাৎ ও উপকারভোগীদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ২১ মে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের এই আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সোহরাব হোসেনের এই অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
স্থানীয় সূত্র ও ইউপি সদস্যরা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন পালিয়ে গেলে ইউপি সদস্য সোহরাব হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি একক আধিপত্য বিস্তার করে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। সম্প্রতি তিনি ২৪৭ জন হতদরিদ্র নারীর জন্য বরাদ্দকৃত সাড়ে সাত হাজার কেজি চাল উপকারভোগীদের না দিয়ে অন্যত্র বিক্রি করে দেন। একইসাথে ওই নারীদের আট মাসের জমাকৃত সঞ্চয়ের সমুদয় অর্থও আত্মসাৎ করেন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা ধামাচাপা দিতে উপকারভোগীদের কার্ডে রাতারাতি ভুয়া টিপসই ও স্বাক্ষর দিয়ে নাটক সাজান অভিযুক্ত চেয়ারম্যান। তবে প্রশাসনের তদন্তে চাল ও টাকা আত্মসাতের সত্যতা প্রকাশ্যে আসে। তদন্তের পর আত্মসাৎকৃত চালের দ্বিগুণ মূল্য উপকারভোগী নারীদের ফেরত দিতে বাধ্য হন তিনি।
সিংড়া ইউএনও আবদুল্লাহ আল রিফাত জানান, অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেনকে বরখাস্তের সরকারি নির্দেশনা হাতে পেয়েছেন। এই বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



