জাপান টাইমস
উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি আরো বিশাল আকৃতির যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। গতকাল বুধবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার নামফো বন্দরে নবনির্মিত যুদ্ধজাহাজের এক উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে কিম জং উন বলেন, নৌবাহিনীকে পারমাণবিক শক্তিতে বলীয়ান করার যে কর্মসূচি হাতে নেয়া হয়েছে, তা পরিকল্পনা অনুযায়ী সাফল্যের সাথেই এগিয়ে চলছে। তিনি উল্লেখ করেন, গত বছর বহরে যুক্ত হওয়া ৫ হাজার টন ওজনের যুদ্ধজাহাজের পর শিগগিরই আরেকটি নতুন যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ১০ হাজার টন ধারণক্ষমতার কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণের দিকে এগোবে দেশ। কিমের মতে, দেশের পারমাণবিক শক্তিকে আরো কার্যকর ও শক্তিশালী করে তুলতে এই নৌকর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



