জুলাই আন্দোলনে হত্যা মামলায় আসামি এসপি ইমন জামিনে মুক্ত

Printed Edition

গাজীপুর থেকে জেলা প্রতিনিধি

জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতারকৃত পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুর রহমান বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় এসপি তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করা হয়েছিল।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়।