নেচে দল থেকে বহিষ্কার

Printed Edition

বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের জয়ের পর থ্রি-পিস পরে নেচেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল উপজেলা বিএনপির দফতর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত দলীয় প্যাডে বহিষ্কারাদেশ জারি করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের জয়ের পর রাতেই থ্রি-পিস পরে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। তবে উপজেলা বিএনপির দফতর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।