চাঁপাইয়ে ৪ মোটরসাইকেল আরোহী গোপালগঞ্জে ৩ বাসযাত্রী নিহত

তিন জেলায় স্কুলছাত্রীসহ আরো ৩ জনের মৃত্যু, আহত ৩৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুই দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী এবং গোপালগঞ্জে বালুবাহী ট্রাক-বাস সংঘর্ষে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এ দিকে রাজবাড়ীতে পৃথক তিন দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত ও ১০ জন আহত হয়েছেন। সেই সাথে আনুমানিক দুই লাখ টাকা দামের একটি গরুও মারা গেছে। অপর দিকে দিনাজপুরের ফুলবাড়িয়ায় বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত : শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বালিয়াদীঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান এবং শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী। আবু হায়াত ট্রাকের হেলপার এবং হাবিবুর রহমান ট্রাকশ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে কানসাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের মুসলিমপুর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুপুরে কানসাট এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আসাদ ও জাবের নিহত হন।

গোপালগঞ্জে নিহত ৩ : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের বাসটি বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক ও হেল্পার, আহত হয় বাসের অন্তত ২৫ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রাজবাড়ীতে নিহত ১, আহত ১০ : রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় একজন ট্রাক চালক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

পাংশা হাইওয়ে থানার এসআই সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১টার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার কলেজ মোড়, কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম (২৮) নিহত হন। তিনি বরিশালের আগৈলঝাড়া এলাকার বাসিন্দা।

এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সাথে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা দামের একটি গরু রাস্তায় ছিটকে পরে মারা যায়। দুর্ঘটনায় গরুবোঝাই ট্রাকের চালক ও হেলপার আহত হন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, বেলা ১টার দিকে পাংশা কলেজ মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন যাত্রী আহত হন।

তারা হলেন- কুষ্টিয়া ডা: মো: সৈকত হানাস (৪০), জান্নাতুল (৫০), কুমারখালীর বিল্পব (২৯), শামীম (৩৫), হরিপুরের উজ্জল (৩২), জুলিয়ার আলমঙ্গীর (৪৪), পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার (৫৪) এবং ঝিনাইদহের শৈলকুপার মাসুদ রানা (৪০)।

দিনাজপুরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিহত : দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বটতলীতে বাসের ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকালে স্কুলে যাবার পথে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মারাত্মক আঘাতপ্রাপ্ত পায়। গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুলের ও রিক্তা বেগমের মেয়ে। সে ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বড়াইগ্রামে নারীর মৃত্যু : বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাসি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপুর এলাকায় বনপাড়া-লালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসি বেগম জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের ভ্যানচালক আবু মুসার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হাসি বেগম সুগার মিলের ফার্ম থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪৫৫৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।