নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড এবং পূর্বে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পৃথক দুই মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। রাজশাহীতে আন্দোলনকারীদের ওপর পরিচালিত হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। অন্যদিকে, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ট্রাইব্যুনালের আলাদা দুটি বেঞ্চ ও রেজিস্ট্রারের কাছে এসব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের(রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। এ বিষয়ে আগামী রোববার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, দীর্ঘদিন তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তারা চিফ প্রসিকিউটরের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রাপ্ত দালিলিক ও মৌখিক স্যা-প্রমাণ পর্যালোচনার পর এই ফরমাল চার্জ প্রস্তুত করা হয়।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে হত্যার শিকার হন আনজুম সাকিব।
এছাড়া সালমান ওরফে শিমুলসহ অন্তত ৪৫ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। শেখেরচক, শাহ মখদুম কলেজ এলাকা, পদ্মা নদীর বেড়িবাঁধ ও আলুপট্টি মোড়ে সংঘটিত এসব সহিংসতাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অভিযুক্ত ৩৮ আসামির মধ্যে উল্লেখযোগ্য অন্যরা হলেন মো: আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, জহিরুল ইসলাম রুবেল, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান ও আব্দুল হামিদ সরকার ওরফে টেকনসহ আরো অনেকে।
সাবেক আইজিপি শহীদুল হককে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পিলখানা হত্যার গোপন তথ্য জানার কারণে রূপনগরে পরিকল্পিতভাবে অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামকে হত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্রসিকিউশনের পে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি মামলার তদন্তের স্বার্থে শহীদুল হককে তদন্ত সংস্থার ‘সেফহোমে’ একদিনের জিজ্ঞাসাবাদের আবেদন জানান, যা আদালত মঞ্জুর করেন। শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার ও তারেক আবদুল্লাহ উপস্থিত ছিলেন। অপরদিকে, আসামিপরে আইনজীবী সিফাত মাহমুদ শুভর আবেদনের প্রেেিত হাজতখানায় আসামির সাথে কথা বলার অনুমতি দেয়া হয়।
এর আগে গত বুধবার প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে সাবেক এই আইজিপির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। সেই আদেশ অনুযায়ী গতকাল সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
২০১৬ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের এক তথাকথিত ‘জঙ্গিবিরোধী’ অভিযানে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম। তবে তার পরিবারের অভিযোগ, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের মূল ও গোপন তথ্য জেনে ফেলায় তাকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।



