তিন জেলায় নিহত ৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের তিন জেলায় যাত্রী, চালক ও হেলপারসহ পাঁচজন নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি ও পাকুন্দিয়া সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক পাকুন্দিয়ার শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

ফেনী অফিস জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আরো সাতজন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে মহাসড়কের ভোজন বাড়ি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে সেটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ সময় ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ট্রাকে থাকা চালক-হেলপারসহ ৯ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক মো: জাহাঙ্গীর আলম (৪০) ও হেলপার রাকিব হোসেনকে (১৮) মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলমের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দুখিয়ার কান্দি এলাকায় ও রাকিব হোসেনের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর এলাকায়।

মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে পিকআপ ও ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ইজিবাইকের আরো তিন যাত্রী। বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মুন্সি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যাত্রী নিয়ে রাজৈরের কবিরাজপুর থেকে টেকেরহাট আসছিল একটি ইজিবাইক। সড়কের তাঁতিকান্দি এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত ইজিবাইকের চার যাত্রীকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকচালক শামীম মুন্সিকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বগুড়া অফিস জানায়, বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় নাহিদ (১৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে বগুড়ার দিকে ট্রাক নিয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হন নাহিদ। দুর্ঘটনার পর কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টা ১০ মিনিটে তিনি মারা যান। নিহত নাহিদ বগুড়ার শেরপুর উপজেলার ধড়মোকাম এলাকার মো: রেজাউল করিমের ছেলে।