নিজস্ব প্রতিবেদক
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজিরও বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সজিব নামের বিমানের একজন টেকনিক্যাল হেলপারকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর টার্মিনালে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা সাংবাদিকদের জানান, সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি, এই ফ্লাইটে বিপুল পরিমাণ স্বর্ণ আসছে। এমন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটে নজরদারি বাড়ানো হয়। এ সময় এয়ারক্রাফট থেকে একজন যাত্রী নেমে আমাদের দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আমরা দৌড়ে ধরে ফেলি। আটক ব্যক্তি জানান, তার নাম সজিব। তিনি বিমানের কর্মী। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে ওই উড়োজাহাজের ভেতর তল্লাশি চালিয়ে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।



