চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ৫ ফুট উঁচু করা হবে -রেল প্রতিমন্ত্রী

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পানি উঠে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ প্রায় পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন শেষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার রেললাইন প্রায় পাঁচ ফুট উঁচু করার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া চলছে। প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে দুই থেকে তিন ফুট পানি জমলেও রেললাইন পানির নিচে যাবে না এবং ভারী বর্ষণের সময়ও রেল চলাচল সচল রাখা সম্ভব হবে।

তিনি জানান, বর্তমানে রেললাইনের বিভিন্ন স্থানে প্রায় দুই ফুট পর্যন্ত পানি জমে থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পানি কমে ১০ ইঞ্চির নিচে নেমে আসায় ট্রেন চালুর বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছিল। তবে পুনরায় ভারী বৃষ্টি শুরু হওয়ায় সেই সিদ্ধান্ত স্থগিত রাখতে হয়েছে। পরিস্থিতি নিরাপদ হলেই ট্রেন চলাচল আবার চালু করা হবে।

টানা বর্ষণে নগরীর মুরাদপুর সুন্নিয়া মাদরাসাসহ কয়েকটি এলাকায় রেললাইন তলিয়ে যায়। এ কারণে মঙ্গলবার কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৮ ঘণ্টা ষোলশহর স্টেশনে আটকে থাকার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়।

হাবিবুর রশিদ আরো বলেন, অনলাইনে কিংবা কাউন্টার থেকে যেসব যাত্রী টিকিট সংগ্রহ করেছেন, তারা বাংলাদেশ রেলওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।