রথযাত্রার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষে মহানগরীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। পাশাপাশি এই শোভাযাত্রায় জনসমাগম বেশি হওয়ায় প্রতিটি নাগরিককেই সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নি-িদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদযাপন কমিটির সাথে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে আরো বলেন, রথযাত্রার সাথে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। সাদা পোশাকে নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকাতে হবে।

তিনি বলেন, রথযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ছোট-বড় সব রথযাত্রার জন্যই সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করি।

১৬ জুলাই রথযাত্রা ও ২৪ জুলাই উল্টো রথযাত্রা উদযাপন উপলক্ষে নিরাপত্তায় থাকবে পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য।

রথযাত্রা নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া নামাজ ও আজানের সময় লাউড স্পিকার/মাইক বাজানো থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।

সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এ ছাড়া ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং রথযাত্রা উদযাপন কমিটির নেতারা মতামত প্রদান করেন।

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো: মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো: আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এবং ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও রথযাত্রা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।