টাইমস অব ইন্ডিয়া
ভারতের বিতর্কিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার নজিরবিহীন অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এবার ভারতজুড়ে তীব্র আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সর্বাত্মক কর্মসূচির ঘোষণা দেন। একই সাথে শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় আজ ২৮ জুন দিল্লির যন্তর মন্তরের গণবিক্ষোভে অংশ নিতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও নাগরিক সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।
দেশব্যাপী এই আন্দোলনের কৌশলগত বিস্তারিত বিবরণ এখনই প্রকাশ না করলেও সিজেপি প্রধান জানান, আগামী রবিবার থেকে যন্তর মন্তরে শুরু হতে যাওয়া ‘প্রধান গো ব্যাক’ কর্মসূচিতে সংহতি জানিয়ে আমরণ অনশনে বসছেন প্রখ্যাত সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। একজন বিজ্ঞানী ও শিক্ষককে এভাবে অনশনে বসতে হওয়াটা দেশের জন্য চরম দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে দীপকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষামন্ত্রীকে দ্রুত বরখাস্ত করা না হলে এই পুরো ব্যর্থতার দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে এবং ব্যবস্থা না নিলে মোদি একজন অযোগ্য প্রধানমন্ত্রী হিসেবেই গণ্য হবেন।



