ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়া উপজেলায় সেচপাম্প মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মণ্ডল (২৫) ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সমারেশ মণ্ডলের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশের একটি মৎস্যঘেরে সেচপাম্প মেরামতের কাজ করছিলেন সবুজ। এ সময় পাম্পে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বাবর আলী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।



