জাতীয় ক্রিকেট লিগে জয় সিলেট-ময়মনসিংহের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ট রাউন্ডে বড় ব্যবধানে জিতেছে সিলেট বিভাগ। রাজশাহীকে ১০ উইকেটে হারিয়েছে তারা। অপর ম্যাচে বরিশালকে ৬৩ রানে হারিয়েছে ময়মনসিংহ বিভাগ। ঢাকা বিভাগের বিপক্ষে চার দিনের ম্যাচটি ড্র করেছে খুলনা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে জয়টা সময়ের ব্যাপার ছিল স্বাগতিক সিলেটের। প্রথম ইনিংসে রাজশাহীর ২৩৬ রানের জবাবে অমিত হাসাানের ডাবল সেঞ্চুরি ও আসাদুল্লা আল গালিব ১৮০ রানে ভর করে ৮ উইকেটে ৫৩৫ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। প্রথম ইনিংসে ২৯৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে প্রীতম কুমারের ১৪৩ রানের পরও ৩৩৬ রানে অলআউট হয় রাজশাহী। ফল জয়ের জন্য ৩৮ রানের মামুলি লক্ষ্য পায় সিলেট। যেটি তারা ৯.২ ওভারে টপকে যায়। ম্যাচসেরা অমিত হাসান।

এ দিকে সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ডে গতকাল শেষ দিনে সোহাগ গাজী সেঞ্চুরি করেও বরিশালের হার ঠেকাতে পারেননি। ৩৭৯ রান তাড়ায় ৩১৬ রানেই গুটিয়ে যায় তারা। ময়মনসিংহের দ্বিতীয় জয়টি ৬৩ রানের। দুই ইনিংসে ৯৯ রান ও চার উইকেট নিয়ে ম্যাচসেরা ময়মনসিংহের আবু হায়দার রনি।

খুলনায় ঢাকা বিভাগের বিপক্ষে নিষ্প্রাণ ম্যাচটি ড্র করে স্বাগতিক খুলনা। প্রথম ইনিংসে খুলনার ১৯৪ রানের জবাবে ৩১০ রানে থেমেছিল ঢাকা। দ্বিতীয় ইনিংসে ২৮০ রানে খুলনা অলআউট হলে জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য দাঁড়ায় ঢাকার সামনে। শেষপর্যন্ত চতুর্থ দিন শেষে ছয় উইকেট হারিয়ে ১২৩ রান করলে ড্র হয় ম্যাচটি। ম্যাচসেরা হন ঢাকার ফয়সাল আহমেদ।