কক্সবাজার অফিস
কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন ব্যাহত করার চক্রান্ত ও চলমান সৈকত সড়ক নির্মাণের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং উন্নয়নবিরোধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদু শুক্কুর, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকতার হেলালী, প্রেস ক্লাবের সহসভাপতি কামাল হোসেন আযাদ ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
সমাবেশে বক্তারা বলেন, সৈকত পাড়ের সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত নির্মাণাধীন সড়কটি তৈরি হলে শহরের তীব্র যানজট নিরসন হবে এবং পর্যটন এলাকার সৌন্দর্য বহু গুণ বাড়বে। তবে পরিবেশ সুরক্ষার দোহাই দিয়ে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে উন্নয়নকাজে বাধা ও অপপ্রচার চালাচ্ছে। পরিবেশের ক্ষতি না করে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে সব বাধা প্রতিহত করার ঘোষণা দেন সমাবেশকারীরা।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহসভাপতি ও পর্যটন উদ্যোক্তা এম আর মাহবুবের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন হোটেল-মোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, টুয়াক, সুশীল সমাজ ও যুব সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে অংশ নেন।



