জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকে বঙ্গভবনের আইটি কর্মকর্তা আটক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার গভীর রাতে মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চালিয়ে মোহাম্মদ ছরওয়ার আলমকে আটক করা হয়। তিনি রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত রয়েছেন।

ডিবি পুলিশের সাইবার ইউনিটের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের ডিভাইস নিয়ন্ত্রণ ও বিতর্কিত পোস্ট প্রকাশের ঘটনায় ছরওয়ার আলমের সংশ্লিষ্টতা থাকতে পারে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ছরওয়ারকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা: শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর থেকেই ডিবির সাইবার ইউনিট কাজ শুরু করে। বিভিন্ন ডিজিটাল ফরেনসিক ও অনুসন্ধানের মাধ্যমে হ্যাকিংয়ের সাথে জড়িতদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়।

এ দিকে জামায়াতে ইসলামী এ ঘটনার তদন্ত প্রতিবেদন ও অগ্রগতির তথ্য ২৪ ঘণ্টার মধ্যে জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে। মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে এ সংক্রান্ত লিখিত অভিযোগ জমা দেয়। দলটির দাবি অনুযায়ী, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং ৪টা ৩৭ মিনিটে একটি আপত্তিকর পোস্ট দেয়া হয়। পরবর্তীতে কেন্দ্রীয় আইটি টিমের প্রচেষ্টায় ৫টা ৯ মিনিটে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় ওই রাতেই সাধারণ ডায়েরি (জিডি) এবং পরের দিন সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায় জামায়াত।

জামায়াতের তদন্তে উঠে এসেছে, তাদের কেন্দ্রীয় অফিসিয়াল ই-মেইলসহ একাধিক ঠিকানায় একটি ‘ফিশিং মেইল’ পাঠানো হয়েছিল। অভিযোগ অনুযায়ী, সেই মেইলটি বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট একটি সরকারি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী জামায়াত প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন যে, তদন্ত চলছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।