ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর ইমেরিটাস হিসেবে নিয়োগ পাওয়ায় হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়াররম্যান, বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকিম মো: ইউছুফ ভূঁইয়া। শনিবার সকালে রাজধানীর বাংলামোটরস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে এ শুভেচ্ছা জানান। এ সময় সিনিয়র পরিচালক বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুনসহ পরিচালকরা উপস্থিত ছিলেন। ড. চৌধুরী মাহমুদ হাসান ১৯৫৩ সালের ৩১ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.ফার্ম. (অনার্স) এবং এম.ফার্ম. (থিসিস গ্রুপ) ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৭৩ ও ১৯৭৪ সালে (পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯৭৫ ও ১৯৭৬ সালে)। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পরে তিনি যুক্তরাজ্যের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়, গ্লাসগো থেকে ফাইটোক্যামিস্ট্রিতে পিএইচডি লাভ করেন (১৯৮২), যেখানে তিনি কমনওয়েলথ স্কলারশিপের অধিকারী ছিলেন। বিজ্ঞপ্তি।



