ইউক্রেনকে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

Printed Edition

আলজাজিরা

কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার বিষয়টি ‘বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একে জাতিসঙ্ঘের সনদের লঙ্ঘন অভিহিত করে আরাকচি অভিযোগ করেন, ইউরোপকে যুদ্ধে জড়াতে ইসরাইল এ হামলা উসকে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে ফোনালাপে তিনি এ কথা জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত শনিবার ইউক্রেনের হামলায় বাণিজ্যিক জাহাজটিতে বিস্ফোরণে এক নাবিক নিহত ও কয়েকজন আহত হন। ইউক্রেন কাস্পিয়ান সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত জাহাজকে হামলার লক্ষ্যবস্তু দাবি করলেও তেহরান জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাতের সাথে তারা সম্পৃক্ত নয়। হামলার প্রতিক্রিয়ায় সোমবার ভোরে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানান, ইরানের ওপর হামলার ফল চড়া হতে পারে যা ইউক্রেনও শিগগিরই বুঝতে পারবে। অন্য দিকে ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ইউক্রেনের প্রতিনিধিকে তলব করে একে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে ইরান।