নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
গতকাল সোমবার দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিল শেষে শামা ওবায়েদ বলেন, ‘ফরিদপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাই।’ তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



