উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা নীতিমালা না মেনে খোলাবাজারে এলপি গ্যাস সিলিন্ডার, পেট্রল ও অকটেনসহ বিভিন্ন দাহ্য পদার্থ বিক্রি করা হচ্ছে। সড়কের মোড়, হাটবাজার ও ছোট দোকানগুলোতে এসব ঝুঁকিপূর্ণ পণ্যের অবাধ কেনাবেচা হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে ও বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দোকানের সামনে স্তূপ করে রাখা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাস সিলিন্ডার। পাশাপাশি প্লাস্টিকের বোতলে ভরে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে পেট্রল ও অকটেন। এসব স্থানে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র, নিরাপদ সংরক্ষণাগার বা বিস্ফোরক অধিদফতরের বাধ্যতামূলক নিবন্ধন। এতে ক্রেতা-বিক্রেতা সবাই প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকলেও তদারকি নেই বললেই চলে।
বিধি অনুযায়ী দাহ্য পদার্থের ব্যবসা করতে হলে পাকা মেঝে, সুরক্ষিত ঘর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের অনুমোদন দরকার। এসব শর্ত পূরণ করলেই পাওয়া যায় নিবন্ধন। কিন্তু উল্লাপাড়ার বহু দোকানে এসব নিয়ম মানা হচ্ছে না।
কয়েকজন দোকানদার জানান, এসব বিক্রিতে লাইসেন্স প্রয়োজন, এ বিষয়ে তারা অবগত ছিলেন না। তাদের দাবি, ছোট ব্যবসা হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেননি।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের পর্যাপ্ত নজরদারি নেই। সচেতন মহল মনে করেন, যথাযথ তদারকি ও আইনগত ব্যবস্থা জোরদার করা গেলে সম্ভাব্য বড় দুর্ঘটনা রোধ করা সম্ভব।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিএম আরিফ বলেন, ‘নীতিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



