সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। গত রোববার সকালে সাতক্ষীরা শহর ও শ্যামনগর উপজেলায় এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার রহমত আলীর ছেলে মো: ইউনুস আলী (৪৮) এবং শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে আব্দুর রাজ্জাক গাজী (৫৭)। পুলিশ জানায়, ইউনুস আলী সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন। সকালে ভ্যান নিয়ে বের হওয়ার সময় সেটি স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অন্য দিকে সকালে নিজ মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুতের লিকেজ তারে স্পর্শ করে শক পান আব্দুর রাজ্জাক। স্ত্রী প্রতিবেশীদের সহায়তায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়। শ্যামনগর থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গত রোববার সকালে মিছিল হলেও বিকেলে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো: সানি শাহের নেতৃত্বে ৩০-৪০ জন যুবক শহরের টি এ রোড থেকে মিছিল বের করেন। তারা শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল, ‘প্রত্যাবর্তন ২.০ শেখ হাসিনা আসছে। ডেডলাইন নভেম্বর, হেডলাইন ডিসেম্বর।’ মিছিলটি থানা ব্রিজ হয়ে সদর মডেল থানাসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন। ভিডিওগুলো খতিয়ে দেখা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
‘আমাদের আইন’-এর ত্রিবার্ষিক সম্মেলন
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’-এর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে নিউ মার্কেট এলাকার নিউ আলীশান হোটেলের মিলনায়তনে এ সম্মেলন হয়। এ সময় রোটারিয়ান মো: নাজমুল আলমকে চেয়ারম্যান, এপেক্সিয়ান আলমগীর হোসাইনকে সেক্রেটারি এবং খাইরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের তিন বছর মেয়াদি জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ। প্রধান আলোচক ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও পরিবেশবিদ মো: মুগনিউর রহমান মনি।
প্রধান অতিথি বলেন, মানবাধিকার কর্মীদের আগে মানবিক গুণাবলির অধিকারী হতে এবং নির্মোহভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি মানবাধিকার সংগঠনগুলোকে রাজনীতির বাইরে থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সভায় নূর জাহান বেগম, হারুন জিলানীসহ অন্যরা বক্তব্য দেন। শেরপুর প্রতিনিধি।
অনুমোদনহীন পণ্য জব্দ ও জরিমানা
ঝালকাঠির রাজাপুরে ভ্রাম্যমাণ আদালত এক বিশেষ অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য জব্দ এবং গোডাউন মালিককে জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুরে রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে আবুল হোসেনের বসতঘরের নিচতলার একটি গোডাউন থেকে এসব পন্য জব্দ করা হয়। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন পণ্য মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় পণ্যগুলো জব্দ ও ধ্বংস করা হয়। অবৈধ পণ্য রাখা ও বাজারজাত করার দায়ে গোডাউন মালিক জোনায়েদ হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রাজাপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি আদালত পরিচালনা করেন। বিএসটিআই পরিদর্শক শেখ রাসেল অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন। প্রশাসন জানিয়েছে, ভেজাল ও মানহীন পণ্য রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ঝালকাঠি প্রতিনিধি।
সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেফতার
নোয়াখালীর সেনবাগে পুলিশ গত রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি বুলেট ও দুইটি চাকুসহ মো: জাবেদ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। জাবেদ ওই গ্রামের মো: সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় তার বসতঘর থেকে অস্ত্র, বুলেট ও চাকু উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় জাবেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়। সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা।
দর্শনায় আ’ লীগ নেতা গ্রেফতার
চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো: তছিম উদ্দিনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দর্শনা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি দর্শনা থানার সদাবরী হাইস্কুলপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তছিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দলটির কার্যক্রমে সহযোগিতা ও সমর্থনের উদ্দেশ্যে অন্যদের সাথে সরকারবিরোধী স্লোগান ও মিছিল করেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় দর্শনা থানার ওসি মো: নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মোল্যা আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।
কাউখালীতে চৌকিদারদের দিকনির্দেশনা
পিরোজপুরের কাউখালীতে সপ্তাহব্যাপী মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান সফল করতে গ্রাম পুলিশদের নিয়ে ব্রিফিং সভা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় কাউখালী থানা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় চৌকিদারদের বিভিন্ন দিকনির্দেশনা দেন থানার ওসি মো: আনোয়ার হোসেন। তিনি প্রতিটি গ্রামে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অস্ত্রধারীদের বিষয়ে সতর্ক থেকে তথ্য পাওয়া মাত্র পুলিশকে জানানোর নির্দেশ দেন। ওসি বলেন, চৌকিদাররা তৃণমূলের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চোখ ও কান। তাদের সঠিক তথ্য ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, কাউখালীতে অপরাধী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের কোনো স্থান হবে না। অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অব্যাহত থাকবে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।



