সংসদ প্রতিবেদক
চট্টগ্রামের সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জামায়াত দলীয় এমপি শাহজাহান চৌধুরী। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি করেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামে নিউমার্কেটের পাশে একটা কলেজ আছে (সিটি কলেজ)। যেই কলেজে ৩৬ জুলাই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলা করেছিল, তাদের ছবি ফেসবুকে আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আছে। তারাই আজকে সিটি কলেজে সাধারণ ছাত্রদের একটি সমাবেশে সশস্ত্র সন্ত্রাসী আক্রমণ করেছে। এতে একজনের পা কর্তন করে ফেলেছে। ওই সময় (জুলাই আন্দোলনে) তাদের নামে মামলাও আছে। চট্টগ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য সিটি কলেজের নামধারী পার্শ¦বর্তী এলাকার অস্ত্রধারীরা, তারা যে সাধারণ ছাত্রদের পা কেটে নিলো- এ ব্যাপারে আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, যেহেতু আমাদের ওপরে একটা ব্লেম চাপানোর অভিযোগ এসেছে। আমার কাছে তো কারেন্ট নিউজ আসে- আমি যতটুকু জানি, চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে। এটা নিয়ে নিউজ বেরিয়েছে। প্রকৃত ঘটনা জানতে একটু সময় লাগবে। প্রয়োজনে এটার ওপর একটা বিবৃতিও দিতে পারব। তবে, একতরফাভাবে আমিও ব্লেম দিতে চাই না, বিরোধীদলীয় সংসদ সদস্যেরও উচিত নয় কোনো তদন্ত ছাড়া কাউকে দোষারোপ করা।



