কালীগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রব নির্বিকার পৌরসভা

Printed Edition

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরজুড়ে বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। শহরের মেইন বাসস্ট্যান্ড, জনতা মোড়, বিহারি মোড়, বৈশাখী মোড় ও হাটচাঁদনীসহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ১০-১২টি করে কুকুর দলবেঁধে অবস্থান করছে। ফলে পথচারী, শিশু ও বয়স্কদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সম্প্রতি কুকুরের কামড় ও আঁচড়ে অন্তত আটজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বন্ধ্যাকরণ না করা এবং খোলা ডাস্টবিনে বর্জ্যের অব্যবস্থাপনার কারণেই কুকুরের সংখ্যা বাড়ছে। গোশতের দোকান ও ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট নিয়ে তারা রাস্তায় ফেলছে, যা পরিবেশ নষ্ট করার পাশাপাশি পথচারীদের আতঙ্কে রাখছে।

ব্যবসায়ী ও স্থানীয় অধিবাসীদের দাবি, আইনি বিধিনিষেধের কারণে নিধন সম্ভব না হলেও পৌরসভা ও প্রাণিসম্পদ দফতরের যৌথ উদ্যোগে অবিলম্বে কুকুরগুলোকে বন্ধ্যাকরণ ও প্রতিষেধক ভ্যাকসিনের আওতায় আনা জরুরি। একই সাথে উন্মুক্ত ডাস্টবিনগুলো দ্রুত পরিষ্কারের দাবি জানিয়েছেন তারা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ জানান, আপাতত বন্ধ্যাকরণের কোনো পরিকল্পনা নেই। তবে হাসপাতালে প্রতিষেধক আছে এবং আরো ভ্যাকসিন সংগ্রহের ব্যবস্থা নেয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের আশঙ্কা, দ্রুত বন্ধ্যাকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে জলাতঙ্কের ঝুঁকি আরো বাড়বে।