নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদে প্রায় ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তায় প্রতিটি পুলিশ সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো: সরওয়ার।
গতকাল বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রথমেই ঈদযাত্রা নির্বিঘœ করতে হবে। যাতে যাত্রীরা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সে খেয়াল রাখতে হবে। এরপরই আসবে আরো এক বড় দায়িত্ব। নগরবাসী তাদের বাসা বাড়ি তালাবদ্ধ করে গ্রামের বাড়ি যাবেন। এই সময় অনেকটাই ফাঁকা হয়ে যাবে রাজধানী ঢাকা। ফাঁকা নগরীতে যেন কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি বা অন্যান্য অপতৎপরতা সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, শতভাগ সততা বজায় রেখে পুলিশ সদস্যকে তার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে যাতে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এবার ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো: নজরুল ইসলাম আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটানোর প্রতি গুরুত্বারোপ করে বলেন, ঈদ যাত্রাকালীন গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং সদরঘাট এই প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ডিএমপির বিশেষ নজরদারি ও তদারকি করতে হবে। ঈদের ছুটিকালীন ঢাকা শহরে বিট অনুযায়ী পেট্রোল ডিউটি বাড়াতে হবে, যাতে শহরের প্রতিটি এলাকায় পুলিশের উপস্থিতি ও টহল বৃদ্ধি পায়। ঈদের বাজার ও শপিং মলগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ ও নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাসিক অপরাধ সভায় ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।



