আলজাজিরা
মস্কো ইউক্রেন যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে নতুন প্রস্তাব বা ধারণা শুনতে প্রস্তুত, তবে তা অবশ্যই প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ শুক্রবার নিউজ আরইউ-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাস্তবতার’ অনুকূলে থাকা যেকোনো প্রস্তাব পুনর্বিবেচনায় রাশিয়া উন্মুক্ত।
রিয়াবকভের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, রাশিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে ট্রাম্প প্রশাসনের সমর্থন পুনরুজ্জীবিত করতে চাইছে। রাশিয়া আগেই যুক্তরাষ্ট্রের ‘রাশিয়ার অবস্থান অনুধাবনের’ প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছিল; কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ায় ওয়াশিংটনের মধ্যস্থতা প্রচেষ্টা কিছুটা ব্যাহত হয়েছে। রিয়াবকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের নির্ধারিত লক্ষ্য এবং ‘বাস্তব পরিস্থিতি’র সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোনো যুক্তিসঙ্গত প্রস্তাব ও ধারণা শুনতে রাশিয়ান ফেডারেশন প্রস্তুত। তিনি আরো যোগ করেন, এই মুহূর্তে ওয়াশিংটন কতটুকু কিয়েভ সরকার এবং তাদের ইউরোপীয় সহযোগীদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারছে তা দেখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যারা এখনো রাশিয়াকে ‘কৌশলগতভাবে পরাজিত করার’ স্বপ্ন দেখছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু করা এই যুদ্ধ বিরতির চুক্তি মেনে নেয়ার আগে প্রেসিডেন্ট পুতিন দাবি করেছিলেন, ইউক্রেনকে সমগ্র পূর্ব দনবাস অঞ্চল হস্তান্তর করতে হবে, তাদের সামরিক শক্তি হ্রাস করতে হবে এবং ন্যাটোতে যোগ না দেয়ার অঙ্গীকার করতে হবে। বছরের শুরুতে মার্কিন মধ্যস্থতায় হওয়া একাধিক ধাপের আলোচনা কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। মার্চের শুরুতে নির্ধারিত পরবর্তী আলোচনাগুলো বাতিল হয়ে যায়, কারণ যুক্তরাষ্ট্র ইসরাইলের সাথে যৌথভাবে ইরানের ওপর যুদ্ধ শুরু করে। এই বৈঠকগুলো গত নভেম্বরে ওয়াশিংটন কর্তৃক প্রস্তুতকৃত ২৮ দফার একটি শান্তি প্রস্তাবের পর আয়োজিত হয়েছিল, যা রাশিয়ার দাবির সামনে নতি স্বীকার করায় চরম ক্ষোভের জন্ম দিয়েছিল। মার্কিন বিশেষ প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ চলতি বছরের শুরুতে মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন, তবে ক্রেমলিন গত বৃহস্পতিবার জানিয়েছে যে এই প্রতিনিধি দলের নতুন কোনো সফরের তথ্য তাদের কাছে নেই।
ইউক্রেনও মার্কিন মধ্যস্থতাকারীদের ফের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, তিনি তার কূটনৈতিক দলের মধ্যে নতুন সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, কিছু ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। তিনি আরো যুক্ত করেন, ইউক্রেনের এখন দৃশ্যমান ফলাফল প্রয়োজন। জেলেনস্কি গত মাসে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, যেখানে তারা আলোচনা আবার চালু করা এবং ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
চলমান হামলা : মাঠপর্যায়ে, রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাণঘাতী হামলা বহুগুণ বৃদ্ধি করেছে, যাতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যেও যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে। রাতের আঁধারে সঙ্ঘাত অব্যাহত ছিল। পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় দুই নারী নিহত হয়েছেন বলে জরুরি সেবা সংস্থা তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে। এই হামলার পর পাঁচটি আবাসিক ভবন ও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।



