জুলুম থেকে রক্ষায় মানুষের পাশে দাঁড়াতে হবে : দেলাওয়ার

Printed Edition

ঠাকুরগাঁও প্রতিনিধি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের গুরুত্বসহকারে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে সদর, ভূল্লি ও রুহিয়া উপজেলার ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দেলাওয়ার হোসেন বলেন, সমাজের মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দীর্ঘ দিনের অন্যায়, অবিচার ও জুলুম থেকে সাধারণ মানুষকে রক্ষায় তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি অভিযোগ করেন, নতুন সরকার সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘুষ, দুর্নীতি, দখলবাজি ও টেন্ডারবাজিতে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকারকে আরো এক বছর পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ দুর্নীতি ও অপশাসন বন্ধ না হলে আন্দোলনে যাওয়ার কথা জানান তিনি। আগামী ১৭ নভেম্বর ঢাকায় ১১ দলের মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।