ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ায় নির্মাণাধীন বহুতল ভবনের সেফটিক ট্যাংকে পড়ে মাসুম শেখ (৫২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাসুম পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।
এ বিষয় ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, পৌর সদর কোর্টপাড় মাছ বাজার সংলগ্ন বহুতল ভবনের কাজ চলছিল। সকাল ৯টার দিকে মাসুম শেখ সেফটিক ট্যাংকির মধ্যে প্রবেশ করে। নিচে নামার সাথে সাথে অতিরিক্ত গ্যাসের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবন নির্মাণের সাব কন্টাক্টর মহিবুল্লাহ শেখ জানান, নিহত মাসুম শেখ তার ছোট ভাই। কাজ করার সময় অসাবধানতাবশত সে গ্যাসের কারণে নিচে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।
এ বিষয় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আবু জাহের বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। সেফটিক ট্যাংক পরিষ্কার করতে হলে প্রথমে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



