নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় দেবহাটায় এক মাছ ব্যবসায়ী ও নাটোরের লালপুরে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানায়, সাতক্ষীরার দেবহাটায় বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আলিম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবীশহর এলাকায় এঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালাক ও হেলপার পালিয়ে গেছে। নিহত ব্যবসায়ী মো: আব্দুল আলিম সাতক্ষীরার দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবীশহর এলাকায় পৌঁছলে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের (সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ মোটরসাইকেল চালক আব্দুল আলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা ব্লীজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় গোলাম মোস্তফা হুনা (৫৫) নামে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে।
নিহত গোলাম মোস্তফা হুনা উপজেলার উত্তর লালপুর (মালিথা পাড়া) গ্রামের মরহুম খোদাবাক্সের দ্বিতীয় ছেলে। তিনি লালপুর কলেজ মোড় এলাকায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লালপুর-গোপালপুর সড়কের কলেজ মোড় এলাকায় চট্ট মেট্রো ট-১২-০৮১৯ নম্বরের একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ আগস্ট) ভোর রাতে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং চালককে হেফাজতে নেয়। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ট্রাকসহ চালককে ছেড়ে দেয়া হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।



