মধ্য বয়সে আপনার মস্তিষ্কের ভবিষ্যৎ তিনটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত বিষয়ের ওপর নির্ভর করতে পারে। নিউরোলজি ওপেন অ্যাক্সেস জার্নালে ৫ আগস্ট প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ৪৫ থেকে ৬৫ বছর বয়সী যেসব প্রাপ্তবয়স্কের রক্তচাপ স্বাভাবিক, ডায়াবেটিস নেই এবং ধূমপানের কোনো ইতিহাস নেই, তারা এই তিনটি ঝুঁকির কারণ থাকা প্রাপ্তবয়স্কদের তুলনায় প্রায় ১৩ বছর বেশি সুস্থ মস্তিষ্ক নিয়ে বা স্মৃতিভ্রংশ-মুক্ত জীবনযাপন করেন।
নিউ ইয়র্ক সিটির এনওয়াইইউ ল্যাংগনের অপটিমাল এজিং ইনস্টিটিউটের পরিচালক এবং এই গবেষণার প্রধান লেখক ড. জোসেফ কোরেশ বলেন, ‘আমাদের গবেষণার ফলাফল এটাই প্রমাণ করে যে, এক দশকেরও বেশি সময় ধরে মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষার কৌশল হিসেবে মধ্য বয়সে মানুষের সক্রিয়ভাবে এসব বিষয় এড়িয়ে চলা প্রয়োজন।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, ‘ডিমেনশিয়া বিলম্বিত করার নতুন উপায় আবিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৫৫ বছর বয়সের পর যেকোনো সময় ৪২ শতাংশ আমেরিকান এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।’ তার দল ১২ হাজারেরও বেশি জ্ঞানীয়ভাবে সুস্থ মানুষের ওপর গবেষণা চালায়, যাদের গবেষণার শুরুতে গড় বয়স ছিল ৫৬ বছর।
যেসব অংশগ্রহণকারীর কোনো ঝুঁকির কারণ ছিল না, তারা স্মৃতিভ্রংশ ছাড়াই ৩০ বছর বেঁচে ছিলেন, যেখানে তিনটি ঝুঁকির কারণই যাদের ছিল, তারা মাত্র ১৭ বছর বেঁচে ছিলেন।
গবেষণায় দেখা গেছে, ঝুঁকির কারণ যতগুলোই থাকুক না কেন, নারীরা পুরুষদের চেয়ে বেশি দিন স্মৃতিভ্রংশমুক্ত ছিলেন। এবং শ্বেতাঙ্গ অংশগগ্রণকারীরা কৃষ্ণাঙ্গ অংশগ্রহণকারীদের চেয়ে বেশি বছর স্মৃতিভ্রংশমুক্ত ছিলেন।
কোরেশ বলেন, ‘আশা করি, এসব ফলাফল মানুষকে ধূমপান ছাড়তে এবং ৪৫ বছর বয়স থেকে তাদের রক্তনালীর স্বাস্থ্যের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে উৎসাহিত করবে।’ তিনি বলেন, এর লক্ষ্য হলো মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখা এবং স্মৃতিভ্রংশমুক্ত বেঁচে থাকার সময়কাল বাড়ানো। ইন্টারনেট।



