সাভারে চাঁদা না দেয়ায় কাভার্ডভ্যান চালককে মারধর

প্রতিবাদে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারে চাঁদা না দেয়ায় এক কাভার্ডভ্যান চালককে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে চালক সড়কের মাঝখানে গাড়ি রেখে দিলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সাভার বাসস্ট্যান্ডের ভরসা সুপার মার্কেটসংলগ্ন বিরুলিয়া সড়কে এ ঘটনা ঘটে।

আহত চালক আলমগীর হোসেন (৩৫) নোয়াখালীর চরজব্বার উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আলমগীর হোসেনের অভিযোগ, কাভার্ডভ্যান নিয়ে বিরুলিয়ার দিকে যাওয়ার সময় সাভার পৌরসভার টোলের রসিদ দেখিয়ে কয়েকজন তার কাছে ১০০ টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ছাতা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে যায়।

তিনি আরো জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে না এসে গাড়ি নিরাপদ স্থানে রেখে চিকিৎসা নেয়ার পর থানায় যেতে পরামর্শ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সড়কের মাঝখানে কাভার্ডভ্যান রেখে প্রতিবাদ জানান। পরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সাভার পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আইরিন বলেন, কোনোভাবেই চাঁদাবাজি চলতে পারে না। যারা চাঁদা তোলে, তারা সাধারণত আড়ালে থেকে কিশোরদের দিয়ে এসব কাজ করায়।

এ দিকে টোলের রসিদে থাকা মো: আলমগীর হোসেন মোল্লা দাবি করেন, তিনি শুধু ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি থেকে ব্যাংক টাউন পর্যন্ত নির্ধারিত স্থানে টোল আদায় করেন। বিরুলিয়া সড়কে চাঁদা তোলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রসিদে থাকা নামটি তার নয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, তিনি ওই সময় পুলিশ সুপারের কার্যালয়ে সভায় ছিলেন। খবর পেয়ে তদন্ত কর্মকর্তাকে বিষয়টি দেখার নির্দেশ দেয়া হয়েছে।