নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল শনিবার থেকে চলতি বছরের হজ ফাইট শুরু হবে। এর আগের দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, আগামী দুয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘœ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।
ধর্মমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফাইটের সময়সূচির বড় ধরনের কোনো বিপর্যয় হবে না। হজযাত্রীরা যেন নির্বিঘেœ সৌদি আরবে পৌঁছাতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে দুপুরে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির এক সভা বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটিরও সভাপতি। এ সভায় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। হজযাত্রীদের সেবার ক্ষেত্রে কোনো গাফিলতি যেন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান। আগামী বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের জন্য নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবায় সৌদি আরব প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের নিয়োগ দেয়ার কথা বলেন যাতে তারা ভালো সেবা দিতে পারে। তিনি হজ এজেন্সিগুলোকে তিন দিনের মধ্যে হজযাত্রীদের বাড়ি বা হোটেল ও ফ্লাইটের তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালে আপলোড করার নির্দেশ দেন। এছাড়া হজ শেষে হজ এজেন্সিগুলোর পারফরম্যান্স মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এর আগে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি ২০২৬ সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা অগ্রগতি ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মো: এহছানুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি, তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদারকে কমিটিতে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।



