এআই প্রযুক্তিনির্ভর সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের জন্য দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ‘প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রতিযোগিতা শুরু হয়েছে। স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে প্রাণ-আরএফএল গ্রুপ। বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ আয়োজনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তরুণদের সৃজনশীল চিন্তা, গল্প বলার দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সুযোগ তৈরির কথা জানিয়েছে আয়োজকরা।
প্রতিযোগিতায় এআই বিজ্ঞাপন, চলচ্চিত্র, মিউজিক ভিডিও ও ফ্যাশন- এই চার বিভাগে সৃজনশীল কাজ জমা দেয়া যাবে। অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। প্রাথমিক বাছাই শেষে প্রতিটি বিভাগ থেকে ১২ জন করে চূড়ান্ত প্রতিযোগী নির্বাচন করা হবে। তাদের জন্য দুই দিনের ‘প্রিজম এআই বুটক্যাম্প’ আয়োজন করা হবে। সেখানে এআই সরঞ্জাম, সৃজনশীল কৌশল, গল্প বলার পদ্ধতি ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
প্রতিযোগিতার বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, সৃজনশীল শিল্পের বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশের তরুণদের এ প্রযুক্তির সাথে যুক্ত করা এবং সম্ভাবনাময় এআই নির্মাতাদের জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। স্পাইকস্টোরির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা হোসেন আল ফারাবি বলেন, এআই ব্যবহার করে নতুন ও সৃজনশীল কাজ করতে সক্ষম তরুণদের খুঁজে বের করার পাশাপাশি ক্রিয়েটর, পেশাজীবী, প্রযুক্তি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোর মধ্যে সহযোগিতার সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালারও আয়োজন করা হবে। অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে ‘প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় বিভিন্ন বিজয়ীর জন্য মোট ১০ লাখ টাকা নগদ অর্থসহ অন্যান্য পুরস্কার রাখা হয়েছে। বিজ্ঞপ্তি।


