দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা
অন্যান্য সরকারের সময় ভোট চুরি হতো আর ২৬-এর নির্বাচনে বিএনপি ফলাফল চুরি করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এনসিপির পদযাত্রা ও পথ সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন হয়েছে, ২০১৮ সালে মিডনাইট ইলেকশন হয়েছে, ২০২৪ সালে হয়েছে আমি ডামির নির্বাচন। সবশেষ ২০২৬ সালের যে নির্বাচনটি হলো তাতেও ভোট চুরি হয়েছে। তবে সেটা ফলাফলের পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত আর বিএনপি ভোটের ফলাফল চুরি করেছে।
বিভিন্ন খাতে দলীয় করণের অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যাংক খাত থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপির লোকজন বসানো হয়েছে। একই কায়দায় গত পরশু ১২টি প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়োগ দেয়া হয়েছে। সবার আগে বাংলাদেশ এই সেøাগান বিএনপি বাস্তবে ধারন করে না। তারা বিশ্বাস করে সবার আগে রাজনৈতিক দল, সবার আগে শুধুমাত্র দলীয়করণ। আওয়ামী লীগের মতো ভোট বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা এখন থেকেই শুরু করেছে।
পথসভায় আগে বক্তব্য রাখেন- এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন।
যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, মোল্লা ফারুক এহসান, নারী শক্তির সদস্য সচিব ডা: মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব ও সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।
পথসভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে খাজা আমিরুল বাশার বিপ্লবকে এনসিপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।



