শাহবাগে বাসায় চিকিৎসকের লাশ উদ্ধার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগের একটি বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি ধানমন্ডি পপুলার হাসপাতালের চিকিৎসক ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদরের পলাশপাড়া গ্রামে। তার বাবার নাম মো: আহসান হাবিব। হাফিজুর আরো জানান, তারা কয়েকজন মিলে শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি বাসায় মেস করে থাকেন। দুপুরে জিসানকে তার রুমমেট দীপ্ত সিংহ অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

জিসানের ভাই জাহিদ হাসান জানান, জিসান বেশকিছু দিন ধরে হাইপারটেনশনে (উচ্চ রক্তচাপে) ভুগছিলেন।