স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটের অতিরিক্ত দাম আদায় ধরলেন সিভিল সার্জন

Printed Edition

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীসেবার মান, পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রম পরিদর্শনে গিয়ে অনিয়ম হাতেনাতে ধরেছেন জেলা সিভিল সার্জন ডা: মো: আবদুর রাজ্জাক। বহির্বিভাগে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রির সত্যতা পেয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং অনিয়ম বন্ধের নির্দেশ দেন।

গতকাল সোমবার সকালে তিনি বহির্বিভাগ, জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড, টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সাথে কথা বলে সেবার মান, ওষুধ সরবরাহ ও চিকিৎসকদের উপস্থিতির খোঁজ নেন। পরিদর্শনের সময় কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা বজায় রাখা ও হাসপাতালের সার্বিক শৃঙ্খলা রক্ষায় নির্দেশ দেন তিনি। স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, রোগীদের সাথে মানবিক আচরণ করতে হবে এবং দায়িত্বে অবহেলা করা যাবে না।

পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা: আবদুর রাজ্জাক বলেন, পরিদর্শনে এসে বেশ কিছু ঘাটতি ও টিকিট বিক্রিতে অতিরিক্ত টাকা নেয়ার বিষয় নজরে এসেছে। সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়া হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম বরদাশত করা হবে না। শিগগিরই আবার আকস্মিক পরিদর্শনে আসব।