নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে ২০ দিনের ব্যক্তিগত ছুটি কাটিয়ে দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। গতকাল সোমবার সকালে তিনি কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে নিয়মিত দাফতরিক কার্যক্রম শুরু করেন।
কমিশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মাসুদ খান বিএসইসি কার্যালয়ে আসেন এবং দায়িত্ব গ্রহণ করেন। তার ফেরার মধ্য দিয়ে কমিশনের স্বাভাবিক কার্যক্রমে চেয়ারম্যানের সরাসরি অংশগ্রহণ পুনরায় শুরু হলো।
উল্লেখ্য, বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের একদিন পরই ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে যান মাসুদ খান। সেখানে তিনি তার ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় ২০ দিনের ছুটি শেষে তিনি রোববার দেশে ফেরেন এবং সোমবার থেকে অফিস কার্যক্রমে যোগ দেন।
চেয়ারম্যানের অনুপস্থিতিকালে কমিশনের দৈনন্দিন প্রশাসনিক ও রুটিন কার্যক্রম পরিচালনার জন্য কমিশনার তানভীর হাবিব রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি কমিশনার হিসেবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের রুটিন কার্যক্রমও পরিচালনা করেন।



