চবিতে জুলাই বিপ্লববিরোধী শিক্ষক পালানোর সময় ধরল শিক্ষার্থীরা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার পক্ষে অবস্থান নেয়া এবং শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভকে প্রক্টর অফিসে হস্তান্তর করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবন থেকে পালানোর চেষ্টা করার সময় চাকসু প্রতিনিধিরা তাকে হাতেনাতে আটক করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল চবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। অভিযুক্ত শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভ আইন অনুষদ কেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে ছিলেন। দীর্ঘ দেড় বছর আত্মগোপনে থাকার পর তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী ও চাকসু প্রতিনিধিরা সেখানে জড়ো হন। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে তিনি ভবন থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

এ সময় হাসান মোহাম্মদ রোমান শুভ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বেতন বন্ধ রয়েছে। কিভাবে তিনি পরীক্ষার দায়িত্ব পেলেন, তা আমি বলতে পারছি না।