বিনোদন প্রতিবেদক
দুই দশক ধরে গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রাশেদ। চট্টগ্রামের ছেলে রাশেদ মূলত দুটি রিয়েলিটি শোর মধ্যদিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের পেশাগত যাত্রা শুরু করেন। গানের ভুবনে তাকে আলোচনায় নিয়ে আসে ক্লোজআপওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-প্রতিযোগিতায় থাকাকালীন সময়ে মৌলিক গান ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ দিয়ে। এই গান গেয়েই রাশেদ রীতিমতো রাতারাতি আলোচনায় চলে আসেন। সেই থেকে আজ অবধি রাশেদের কণ্ঠে সবচেয়ে জনপ্রিয় গান এটিই। তবে এরপরেও রাশেদ আরো অনেক মৌলিক গান গেয়েছেন। সেসব গান দিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন তিনি। চলতি বছরের শেষ সময়টাতে এসে স্টেজ শোতে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। সব সঙ্গীতশিল্পীর মতো রাশেদও সবসময় চান বেশি বেশি স্টেজ শো করতে। অবশেষে চলতি বছরের শেষ সময়টাতে এসে রাশেদ স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেছেন। ব্যস্ত সময় পার করছেন টিভি শোতেও। এরই মধ্যে তিনি এনটিভি, এসএসটিভি, আরটিভির গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। আবার বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীতবিষয়ক মৌলিক গানের অনুষ্ঠান ‘সঙ্গীতা’য় একটি গান গেয়েছেন। গানটি লিখেছেন জীবন চৌধুরী, সুর সঙ্গীত করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী বশির আহমেদের ছেলে সঙ্গীতশিল্পী, সঙ্গীতপরিচালক রাজা বশির।



