সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

মোংলায় বিপুল চোরাই ভোজ্যতেল জব্দ

মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোরের গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে ৭৮টি ব্যারেলে থাকা ওই তেল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমীর উপস্থিতিতে পরিচালিত অভিযানে পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারাও ছিলেন। মোংলা (বাগেরহাট) সংবাদদাতা।


অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় নদীরপাড় থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। গতকাল শনিবার সকালে উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের খিরাম সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। জব্দ বালু স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে তা উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।


খালিয়াজুড়ীতে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুড়ীতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, জাহেরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে ওবায়দুল্লাহ (৫) এবং একই গ্রামের সেকুল মিয়ার ছেলে শাহাদত (৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই শিশু বিদ্যালয়ের সামনে খেলতে যায়। একপর্যায়ে তারা পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে খালিয়াজুড়ী থানার এসআই মঞ্জুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। খালিয়াজুড়ী থানার ওসি নাসিরউদ্দিন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা।


শ্রীনগরে মসজিদ ও কাপড়ের দোকানে আগুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে একটি মসজিদের একাংশ ও কাপড়ের দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার পূর্ব কামারখোলা বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কাঠ ও টিনের তৈরি মসজিদের একাংশ, ফ্যান ও মাইক সেট ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে মোতালেব শেখের টিনের কাপড়ের দোকানটি পুড়ে যায়। দোকানের ফ্রিজ, সেলাই মেশিন, কাপড়, ফ্যান, খাটসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।


করিমগঞ্জ হাওরে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) ও নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। স্থানীয়রা জানান, সকালে জাল নিয়ে হাওরে মাছ ধরতে গেলে হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। সকাল ১০টা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় স্বজনরা হাওরে গিয়ে হাঁটুপানিতে তাদের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। করিমগঞ্জ থানার ওসি মো: সোহেব খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। কিশোরগঞ্জ প্রতিনিধি।


দস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন

ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন নিয়ামতপুর চরে কৃষকদের ওপর ভূমিদস্যু ও জলদস্যুদের হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ মানববন্ধন পালন করেন। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিয়ামতপুর চরে চকেট জামাল ও ভূমিদস্যু বশির হাওলাদারের নেতৃত্বে কৃষকদের ওপর হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। তাদের কথা না শুনলে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা চকেট জামাল ও বশির হাওলাদারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। ভুক্তভোগীরা বলেন, এতে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভোলা প্রতিনিধি।


রাজাপুরে ৩ মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযান চালিয়ে উপজেলা যুবদলের এক নেতার ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বড় কৈবর্তখালী ও কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৬০ গ্রাম গাঁজা ও চারটি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- কামরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান ওরফে লিমন (২২), মোশারেফ সিকদারের ছেলে রিয়াজুল ইসলাম হৃদয় (২০) এবং কানুদাসকাঠির মো: মোশারেফ শরীফের ছেলে আলী হোসেন শরীফ (১৯)। পুলিশ জানায়, রাত ১১টার দিকে গাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে লিমন ও হৃদয়কে ৫০ গ্রাম গাঁজা ও চারটি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে কানুদাসকাঠি থেকে আলী হোসেনকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি।


সাভারে র‌্যাব পরিচয়ে ছিনতাই

সাভারে র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী আর কে এন্টারপ্রাইজের মালিক মো: রেজাউল করিম শুক্রবার সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলার এজাহারসূত্রে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে রেজাউল করিমের কর্মচারী মো: ইসরাফিল হক হেমায়েতপুরের মাদানী সুপার মার্কেটের আইএফআইসি ব্যাংক থেকে ২৬ লাখ টাকা উত্তোলন করেন। পরে টাকা নিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনের পাশে চালকসহ অজ্ঞাত চার ব্যক্তি র‌্যাব পরিচয়ে তাকে ঘিরে ফেলেন। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে টাকা ছিনিয়ে পালিয়ে যায়। সাভার মডেল থানার এসআই মো: আমির হোসেন বলেন, জড়িতদের গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে। সাভার (ঢাকা) সংবাদদাতা।