সোনাগাজীতে বিধবাকে গায়েবি মামলায় হয়রানি

Printed Edition

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

ফেনীর সোনাগাজীতে বিলকিস আক্তার (৫০) নামের এক নিস্ব বিধবা নারীকে একটি গায়েবি মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা ওই মামলায় গ্রেফতার হওয়ার পর এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

ভুক্তভোগী বিলকিস আক্তার উপজেলার আড়কাইম গ্রামের মৃত মোস্তফা মিয়ার স্ত্রী। গত ১৪ জুন সকালে নিজ বাড়ি থেকে সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জানা যায়, চট্টগ্রামের কোতোয়ালি এলাকার এক প্রসাধনী ব্যবসায়ী তার বিরুদ্ধে ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৪২০ ধারায় মামলা করেছেন। আদালতের পরোয়ানাবলে তাকে কারাগারে পাঠানো হলে পরে তিনি জামিন পান।

কান্নাজড়িত কণ্ঠে বিলকিস আক্তার বলেন, ১১ বছর আগে স্বামী মারা গেছেন, কোনো ছেলে সন্তান নেই। ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছি, মানুষের সহযোগিতায় দিন চলে। যাকে কোনোদিন দেখিওনি, সেই লোক বিদেশী কসমেটিকস বিক্রির ভুয়া মামলা দিয়েছে। আমি এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। স্থানীয়দের মতে, প্রবীণ ও নিরীহ এই নারীকে সামাজিকভাবে হেয় করতে কোনো প্রভাবশালী চক্র এমন জালিয়াতির আশ্রয় নিয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম সুমন বলেন, নারীটি অত্যন্ত ধার্মিক ও অসহায়। পরিবারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই, তাকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে ফেনী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন জানান, প্রায়ই এমন ভুয়া মামলায় সাধারণ মানুষ হয়রানির শিকার হন। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আদালত ওই নারীকে অব্যাহতি দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।