ফ্রিজে কাঁচা খাবার রাখার পদ্ধতি এক রকম। আর রান্না করা খাবার সংরক্ষণের পদ্ধতি অন্য রকম। ব্যস্ত জীবনে সপ্তাহের সব খাবার বা কয়েক দিনের খাবার একবারে রেঁধে ফ্রিজবন্দী করে রাখার অভ্যাস এখন অনেকেরই। তাদের ধারণা, রান্না করা খাবার ফ্রিজে ঢোকালে তা দিন কয়েক অন্তত সম্পূর্ণ সুরক্ষিত থাকে। তবে খাদ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। সব ধরনের রান্না করা খাবার ফ্রিজের ঠাণ্ডা তাপমাত্রাতেও সমানভাবে নিরাপদ থাকে না। সঠিক নিয়ম না মানলে তা থেকে হতে পারে মারাত্মক ফুড পয়জনিং বা পেটের সমস্যা। বিশেষজ্ঞদের মতে, খাবার রেধে ঘরের তাপমাত্রায় দু’ঘণ্টার বেশি ফেলে রাখা উচিত নয়। রান্না করার পর খাবার ঠাণ্ডা হতেই দ্রুত তা ফ্রিজে ঢুকিয়ে দেয়া জরুরি। কিন্তু ফ্রিজে রাখার পরেও প্রতিটি খাবারের নিজস্ব ‘শেল্ফ লাইফ’ বা মেয়াদ থাকে, যা অনেকেই এড়িয়ে যান- সেটি জানা জরুরি।
খাবার কখন ফ্রিজে রাখা উচিত? কত দিন রাখা উচিত?
মুরগির গোশত, খাসির গোশত এবং ডিম দিয়ে তৈরি কোনো পদ রান্না করার পর ফ্রিজে সর্বোচ্চ তিন থেকে চার দিন ভালো থাকে। অন্য দিকে রান্না করা মাছের পদ বা সামুদ্রিক খাবার দু’দিনের বেশি ফ্রিজে রাখা একেবারেই নিরাপদ নয়। রান্না করা শাকসবজি বা ডাল চার দিনের বেশি রাখা হলে তার পুষ্টিগুণ তো নষ্ট হয়ই, পাশাপাশি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি শুরু হতে পারে।
এ ছাড়া ভাত ও পাস্তা ফ্রিজে রাখার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। রান্না করা ভাত ঘরে বা ফ্রিজে দীর্ঘক্ষণ থাকলে তাতে ‘ব্যাসিলাস সিরিয়াস’ (ইধপরষষঁং পবৎবঁং) নামক ক্ষতিকর ব্যাকটেরিয়ার স্পোর জন্মাতে পারে। ফ্রিজ থেকে বের করে বারবার একই খাবার গরম করে খাওয়া আরো বেশি বিপজ্জনক। বারবার তাপমাত্রা পরিবর্তনের ফলে খাবারে দ্রুত বিষাক্ত পদার্থ তৈরি হয়। পাস্তা যদি চিজ ও সস দিয়ে তৈরি করা হয়, তাহলে কখনো ফ্রিজে রাখবেন না। পাস্তা সেদ্ধ করে আলাদাভাবে ফ্রিজে রাখুন। রান্না করা পাস্তা ফ্রিজে রাখলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ফ্রিজে খাবার নিরাপদে রাখার জন্য কিছু কৌশল
১. বায়ুরোধক পাত্র : খাবার সব সময় বায়ুরোধক (অরৎ-ঃরমযঃ) কাচ বা ভালো মানের প্লাস্টিকের পাত্রে ঢেকে ফ্রিজে রাখা উচিত।
২. সরাসরি গরম খাবার নয় : ধোঁয়া ওঠা গরম খাবার সোজা ফ্রিজে রাখবেন না, সামান্য জুড়িয়ে এলে তবেই রাখুন।
৩.একবারই গরম করুন : ফ্রিজ থেকে পুরো পাত্র না বের করে, যতটুকু খাবেন কেবল ততটুকুই বের করে একবার ভালো করে গরম করে নিন।
৪. ফ্রিজের তাপমাত্রা : ফ্রিজের অভ্যন্তরীণ তাপমাত্রা সব সময় ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা উচিত।
খাবার অপচয় রোধ করতে ফ্রিজের ব্যবহার যেমন প্রয়োজনীয়, তেমনই শরীর সুস্থ রাখতে দীর্ঘ দিন বা বাসি রান্না করা খাবার খাওয়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। ইন্টারনেট।



