গৌরীপুরে কোটি টাকা হাতিয়ে উধাও ভুয়া এনজিও

Printed Edition

ময়মনসিংহ অফিস

‘১০ হাজার টাকা জমা দিন, এক লাখ টাকা ঋণ নিন’ এমন অবিশ্বাস্য প্রলোভনে ফেলে ময়মনসিংহের গৌরীপুরে শত শত মানুষের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে একটি ভুয়া এনজিও। ‘অরঙ্গি পাইলট প্রজেক্ট’ নামের ওই কথিত প্রতিষ্ঠান মাত্র পাঁচ দিনেই অর্থ হাতিয়ে নিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে কেটে পড়েছে।

গতকাল সোমবার সকালে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ায় কথিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসে তালা ঝুলতে দেখে ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত গ্রাহকরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগীদের বড় অংশই নিজেদের কষ্টার্জিত বা সম্বল বিক্রির অর্থ জমা দিয়ে এখন দিশেহারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে সরকার অনুমোদিত পরিচয় দিয়ে বিশাল বিলবোর্ড টাঙায় চক্রটি। বিশ্বজুড়ে পরিচিত পাকিস্তানের ‘অরঙ্গি পাইলট প্রজেক্ট’ নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে তারা। মাছ চাষ, ক্ষুদ্র ব্যবসা ও নারী উদ্যোক্তা তৈরির নামে ‘লাখপতি অফার’-এর কথা বলে বিভিন্ন মেয়াদে হাজার হাজার টাকা সংগ্রহ করা হয়। নির্ধারিত দিনে ঋণ বিতরণ তো দূরের কথা, রাতারাতি সব গুটিয়ে গা-ঢাকা দেয় চক্রটির কর্তাব্যক্তিরা। শাখা ব্যবস্থাপক বুলু আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

বাড়ির মালিক আলী আজম জানান, গত ২৯ আগস্ট ঘর ভাড়া নেয়া হয়েছিল। আনুষ্ঠানিক চুক্তির আগেই তারা সুযোগ বুঝে সটকে পড়ে। খবর নিয়ে জানা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ে অরঙ্গি পাইলট প্রজেক্ট নামের কোনো সংগঠনের নিবন্ধন নেই। সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব জানান, ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনা হবে।