সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড ও নৌপরিবহন অধিদফতর সমঝোতা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত আন্তর্জাতিক সামুদ্রিক বাধ্যবাধকতা কার্যকরভাবে বাস্তবায়নসহ বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল কোস্ট গার্ড সদরদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো: শফিউল বারী উপস্থিত থেকে এই স্বারক সই হয়।

এসময় এক প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক বাধ্যবাধকতা কার্যকরভাবে বাস্তবায়ন কোনো একটি প্রতিষ্ঠানের একক প্রচেষ্টায় সম্ভব নয়। আন্তর্জাতিক নৌ সংস্থার সমুদ্রপথে জীবন রক্ষার নিরাপত্তা বিধান, জাহাজ থেকে দূষণ প্রতিরোধ বিধান, জাহাজ ও বন্দর নিরাপত্তা বিধান এবং সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার-সংক্রান্ত আন্তর্জাতিক সনদসহ বিভিন্ন আন্তর্জাতিক সামুদ্রিক বিধান বাস্তবায়নে নীতিমালা, আইন, প্রয়োগ, পরিচালন কার্যক্রম, তথ্য বিনিময়, প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত সাড়া দেয়ার প্রয়োজন হয়।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে নৌপরিবহন অধিদফতর ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট সমন্বয়, প্রয়োজনীয় তথ্য ও কারিগরি তথ্যের আদান-প্রদান, আন্তর্জাতিক নৌ-সংস্থার বাধ্যতামূলক বিধান ও দলিলের সংশোধনী বাস্তবায়নে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ থেকে দূষণ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা, যৌথ সভা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম ও জরুরি মহড়ার আয়োজন এবং আন্তর্জাতিক নিরীক্ষা ও যাচাই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় বাস্তবায়ন-সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংরক্ষণ আরো কার্যকরভাবে সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে।

তারা বলেন, এই সমঝোতা¡ কেবল একটি প্রশাসনিক দলিল স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নিয়ন্ত্রক দায়িত্ব এবং মাঠপর্যায়ের আইন প্রয়োগ ও পরিচালন সক্ষমতার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করবে। নৌপরিবহন অধিদফতর যেখানে নীতিমালা, বিধিবিধান ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাস্তবায়নের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করে, সেখানে বাংলাদেশ কোস্ট গার্ড তার মাঠপর্যায়ের উপস্থিতি ও আইন প্রয়োগের সক্ষমতার মাধ্যমে সামুদ্রিক এলাকায় কার্যকর ভূমিকা পালন করে। দুই প্রতিষ্ঠানের এই সমন্বিত সক্ষমতা কাজে লাগানো গেলে সামুদ্রিক দুর্ঘটনা ও ঝুঁকি প্রতিরোধ, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত সাড়া প্রদান, সামুদ্রিক পরিবেশ ও দূষণ নিয়ন্ত্রণ, জাহাজ ও বন্দর নিরাপত্তা জোরদার, সমুদ্রে জীবন ও সম্পদের সুরক্ষা এবং বাংলাদেশের আন্তর্জাতিক সামুদ্রিক দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়ন আরো কার্যকর হবে।