রোমানিয়ার কোচ গিওর্গি হ্যাজি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

রোমানিয়ার জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে চার বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি গিওর্গি হ্যাজি। সোমবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন। সম্প্রতি মৃত কোচ মির্সিয়া লুসেস্কুর স্থলাভিষিক্ত হলেন তিনি।

বুখারেস্টে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হ্যাজিকে পরিচয় করিয়ে দেয়া হয়। ‘দ্য কিং’ নামে পরিচিত সাবেক এই প্লেমেকার খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও গ্যালাতাসারের মতো ইউরোপের শীর্ষ ক্লাবে খেলেছেন।

নতুন দায়িত্বে হ্যাজির প্রধান লক্ষ্য হবে রোমানিয়া দলকে পুনরুজ্জীবিত করা। ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে তুরস্কের কাছে ১-০ গোলে হেরে মূল পর্বে উঠতে ব্যর্থ হয় দলটি, যা দেশের ফুটবল অঙ্গনে হতাশা তৈরি করে।

এর আগে ২০০১ সালে স্বল্প সময়ের জন্য জাতীয় দলের কোচ ছিলেন হ্যাজি। তখন ৪ ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।