ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার মাটিতে ২০১১ সালের ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ নিশ্চিত করেছিল ইংল্যান্ড। এরপর কেটে যায় দীর্ঘ ১৫ বছর। অসিদের মাটিতে একটি টেস্ট জিততে খেলতে হয়েছে ১৯ ম্যাচ। এর মধ্যে ১৬টিতে হার, দু’টি ড্র। ১৯তম ম্যাচে মেলবোর্নের এমসিজিতে অ্যাশেজের চতুর্থ টেস্টে চার উইকেটে জয় ইংল্যান্ডের। ৮৫৭ বলের এই টেস্টে দুই দিনে ৩৬টি উইকেটের পতন হয়েছে। এই টেস্ট জয়ে দীর্ঘ এক খরা কাটালেও বক্সিং ডে টেস্টের উইকেট নিয়ে সমালোচনা করতে ছাড়লেন না ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
ম্যাচের দ্বিতীয় দিন গতকাল স্মরণীয় এই জয়ের পর স্টোকস বলেন, ‘আমি নিশ্চিত, এটা যদি পৃথিবীর অন্য কোথাও হতো, তাহলে সমালোচনার ঝড় বয়ে যেত। পাঁচ দিন ধরে খেলা উচিত এমন ম্যাচের জন্য এটা ভালো কিছু নয়। কিন্তু আমরা এমন ঘরানার ক্রিকেট খেলেছি, যেটায় শেষে ফল পক্ষে এসেছে।’
মেলবোর্নের পিচের সরাসরি সমালোচনা না করলেও অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘অবশ্যই, উইকেটটি ছিল বেশ চ্যালেঞ্জিং। দুই দিনে ৩৬ উইকেট পড়েছে, সম্ভবত একটু বেশিই বোলারদের সহায়তা করেছে। তবে গত বছরের উইকেটটি ছিল অসাধারণ, পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত খেলা হয়েছিল।’



