গাজীপুর জেলা প্রতিনিধি
প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা বিকাশ, উদ্ভাবনী প্রতিভার বিকাশ এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বাড়াতে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’। ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) রোবোটিক্স ক্লাবের আয়োজনে শনিবার দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে সারা দেশ থেকে সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৬৬টি নিবন্ধিত দল বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিযোগিতার ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে- লাইন ফলোয়িং রোবট (খঋজ), রোবো সকার, টেকাথন, প্রজেক্ট শোকেস এবং বোট রেসিং। লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় ৩৩টি দল, রোবো সকারে ২০টি দল, টেকাথনে ৩৫টি দল, প্রজেক্ট শোকেসে ৬৫টি দল এবং বোট রেসিংয়ে ১৩টি দল অংশ নেয়।
বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. মো: মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান, এমপি, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: মামুনুর রশীদ ভূঁইয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ও ইউএফটিবির সাবেক ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী।



