জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাড়ির কলাপসিবল গেট ও একাধিক দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারির লকার তছনছ করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মূল্যবান হাতঘড়ি ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরিবারের দাবি- এ ঘটনায় প্রায় ৩২ লাখ টাকার সম্পদ খোয়া গেছে। গত সোমবার রাতে মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, জজ আতিক জামানের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো: আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে চোরচক্র কলাপসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, চার লাখ ৮০ হাজার টাকা, মূল্যবান হাতঘড়ি চুরি করে।