দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি মনোনীত ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাছরীন আক্তারের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সোমবার ফরম জমার শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনপ্রিয়তা এবং দেশের জন্য পরিক্ষিত সংগঠন বিএনপির কোনো বিকল্প নেই এদেশের আপামর মানুষের জন্য। সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বিএনপিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে সরকার গঠন করতে। একটি স্বচ্ছ পরিচ্ছন্ন পরিবেশে দেশবাসী ভোট দিবে। ভোট বানচালের চক্রান্তে যারা সক্রিয় তাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে সমুচিত জবাব দেয়া হবে।
এদিকে ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও মনোনয়ন জমা দিয়েছেন। জামায়াত প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহলুল মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।



