ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালামের সাংবাদিকদের নিয়ে করা আপত্তিকর মন্তব্য ও রিপোর্টিং কার্যক্রমে রাজনৈতিক নিয়ন্ত্রণের বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত মঙ্গলবার বিকেলে দৌলতপুর উপজেলা সদরে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ভাইরাল ভিডিওতে আব্দুস সালামকে বলতে শোনা যায়, দৌলতপুরে রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে করতে হবে। তিনি আরো দাবি করেন, দলের পক্ষ থেকে যেসব তথ্য দেয়া হবে, কেবল সেগুলোই প্রকাশ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর ও অশালীন মন্তব্যও করেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আব্দুস সালাম বলেন, ‘যেসব সাংবাদিক আওয়ামী লীগপন্থী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। আর যারা দেশের জন্য কাজ করেন, তাদের আমরা স্বাগত জানাই।’
দৌলতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান বলেন, ‘সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সাংবাদিক ও পেশাটিকে নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করছি।’
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, ‘গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সংগঠনের নজরে এসেছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে।’



